ছবি: প্রতিকী ছবি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩২ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ৩২ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রথম ২৪ ঘন্টায় ৪৩ জন এবং পরবর্তীতে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আট ঘন্টায় আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৩২ ঘন্টায় মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানের সময় ২ বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক কারবারি, বিনা পরোয়ানার আসামি, ছিনতাইকারী, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘মহানগরীর এলাকাগুলোতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




