ছবি: ফাইল ছবি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করায় এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম চৈতন্য গোয়ালা। তার বয়স আনুমানিক ৪৩ বছর। তিনি গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে বসবাস করেন এবং ওইখানে কাজ করেন।
আটককৃত ব্যক্তি সুমন প্রধান (৪২)। তিনিও গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে বসবাস করেন এবং ওইখানে কাজ করেন। তারা দুজনেই প্রতিবেশী বলে জানা গেছে।
পুলিশ জানায়, চৈতন্য গোয়ালা ও সুমন প্রধান গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশী হিসেবে বসবাস করেন এবং তারা বাগানে চা শ্রমিকের কাজ করেন। শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্যক্তের জের ধরে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




