বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে জেনেভায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তারা প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সেগুলোর বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, শ্রমবাজার সম্প্রসারণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন, প্রবাসী কল্যাণ কার্যক্রম জোরদার এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মাননীয় মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান আরও কার্যকর করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০১