প্রতীকী ছবি
স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জিহাদ হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্বজনরা।
রবিবার (৭ জুন) মাগুরায় এ ঘটনা ঘটে। জিহাদ হোসেন (১৮) সদর উপজেলার জগদল আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ব্যাটারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বরিশালের রিমা খাতুন (২৫) নামের এক নারীর সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তারা।
স্বজনদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া চলত। একপর্যায়ে স্বামী জিহাদ জানতে পারে তার সঙ্গে বিয়ের আগে রিমা খাতুনের বিয়ে হয়েছিল এবং একটা সন্তানও আছে। সেটিও মেনে নিয়ে সংসার করছিলেন জিহাদ। তবু স্ত্রী রিমাকে আটকে রাখতে পারেননি।
কিছুদিন আগে রিমা বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। স্বামী জিহাদ আসার কথা বললে স্ত্রী রিমা বলেন, তোমার মাকে পাঠাও আমি আসব। রোববার বেলা ১১টায় ভিডিও কলে কথা চলকালীন স্ত্রী বলে তোমার মাকে পাঠালে আমি ডিভোর্স পাঠাব। কথা চলাকালীন একপর্যায়ে জিহাদ ঘরের মধ্যে থাকা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯




