আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি এবং দায়িত্ব পালনে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। অভিযোগগুলো পাওয়ার পর বিষয়টি তদন্তের আওতায় আনা হয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসআই হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, ‘এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯




