ছবি: ফাইল ছবি।

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ শুরু হয়েছে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠছে সিলেট। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা ভিড় করছেন পতাকার দোকানগুলোতে। নগরীর বিভিন্ন বাসা-বাড়ি, শপিংমল, বিপণিবিতান ও অফিসের সামনে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা। প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে ফুটবলপ্রেমীরা নিজ নিজ পছন্দের দেশের পতাকা টাঙিয়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছেন।

 

মহানগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, শেখঘাট, আম্বরখানা, রিকাবীবাজার, সোবহানীঘাট, শিবগঞ্জ, উপশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসা-বাড়ির ভবনের ছাদ, বারান্দা ও সড়কের পাশে উড়ছে নানা দেশের পতাকা। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির পতাকাই বেশি চোখে পড়ছে। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

 

নগরীর বেশ কয়েকজন পতাকা বিক্রেতা জানান, বিশ্বকাপ উপলক্ষে পতাকার বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ক্রেতাদের আগ্রহও তত বাড়ছে। চাহিদা বৃদ্ধির কারণে কিছু পতাকার দামও বেড়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ তাদের পছন্দের দলের পতাকা কিনতে আসছেন। বাড়তি চাহিদা পূরণ করতে ব্যবসায়ীদের বারবার নতুন চালান আনতে হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের বড় ও মাঝারি আকারের পতাকা। কেউ কেউ দোকানে এসে পতাকা টানানোর বাঁশসহ পতাকা নিচ্ছেন। 

 

উপশহর এলাকার বাসিন্দা সামাদ বলেন, ‘বিশ্বকাপ শুধু খেলা নয়, এটি আমাদের জন্য একটি উৎসব। বিশ্বকাপ এলেই আলাদা একটা আনন্দ কাজ করে। পছন্দের দলের পতাকা টাঙালে সেই আনন্দ আরও বেড়ে যায়। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে প্রতিবছরের মতো এবারও পতাকা কিনেছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলা উপভোগের প্রস্তুতিও চলছে।’

 

ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘এ বছরও বিশ্বকাপের ম্যাচগুলো রাতে অনুষ্ঠিত হবে। তাই ব্যবসা-বানিজ্য শেষ করে আমরা বন্ধুরা মিলে একসাথে খেলা দেখার আয়োজন করছি। তাই আগেভাগেই নিজেদের পছন্দের দলের পতাকা সংগ্রহ করেছি। নগরীজুড়ে বিশ্বকাপের যে উৎসবের আমেজ তৈরি হয়েছে, তা সত্যিই দারুণ।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেট নগরীতে কোথাও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয় নি। এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন পুলিশের কাছে জমা পড়ে নি। আর কেউ যদি প্রশাসনের অনুমতি ছাড়া বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুমতি নিয়ে খেলা দেখার আয়োজন করা যাবে বলেও জানান তিনি।’

 

তিনি সিলেট ভিউকে আরও বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে মানুষের উচ্ছ্বাস ও আনন্দকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে পতাকা টাঙানোর ক্ষেত্রে সড়ক নিরাপত্তা, জনসাধারণের চলাচল এবং আইনশৃঙ্খলার বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘খেলা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটি যেন কোনোভাবেই বিরোধ বা সংঘাতে রূপ না নেয়। আনন্দ-উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সর্বদা তৎপর থাকবে।’

 

এদিকে নগরীর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের আলোচনার প্রধান বিষয় এখন ফুটবল ও ফিফা বিশ্বকাপ। সেই উন্মাদনার ইতিবাচক প্রভাব পড়েছে জার্সির দোকানগুলোতেও। বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে আরও প্রাণবন্ত আর উৎসবমুখর হয়ে উঠবে বলে জানান সিলেটবাসী।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া