নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি আহত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১২টায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় বিজিবির টহলদল দুই জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু