ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীতে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহার এবং গাড়ির ফিটনেস সঠিক থাকলেই মিষ্টি মুখ করাচ্ছেন শিক্ষার্থীরা। সিলেট মহানগর ট্রাফিক পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পরিচালিত এই কার্যক্রমে অংশ নিচ্ছেন সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মদনমোহন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা। মূলত: ট্রাফিক আইন মেনে চলতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। 

 

জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ট্রাফিক সপ্তাহ-২০২৬। রবিবার (১৪ জুন) সকালে সিলেট মহানগর পুলিশ লাইন্সে উদ্বোধনী অনুষ্ঠান ও পরে নগরীতে সচেতনতামূলক র‌্যালি বের হয়। সিলেট মহানগরীতে আগামী ২০ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

 

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীতে পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক করা যানবাহনগুলো রেকার করা হয়েছে এবং যেসব চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহ চলাকালে নগরজুড়ে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং অতিরিক্ত কমিশনার এনামুল হক। এছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান প্রান্ত দিয়ে চলাচল, রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার, চলন্ত যানবাহনে ওঠা-নামা থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আজকের প্রোগ্রামে কোনো জায়গায় ফুল বিতরণ করা হয়নি। তবে যারা ট্রাফিক আইন মেনে চলেছেন এবং বৈধ কাগজপত্র সাথে রেখেছেন তাদের মিষ্টিমুখ করানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজকের র‌্যালিতে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মদনমোহন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের স্কাউট সদস্যরা অংশ নিয়েছেন।’

 

অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আজকের অভিযানের চূড়ান্ত ফলাফল এখনো হাতে আসেনি। তবে যে সব যানবাহন আটক করা হয়েছে সেগুলো রেকার করা হয়েছে। যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কতগুলো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে হিসাব পরে জানানো হবে।’


এদিকে ট্রাফিক পুলিশের এ ব্যতিক্রমী কার্যক্রম নগরবাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইন মানার প্রবণতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া