​সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের এক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জকিগঞ্জের বারহাল ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কয়ছর আহমেদ (৩২)। সে জকিগঞ্জের ১ নং বারহাল ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় এসআই (নি:) মোঃ মোরশেদ আলম, পিএসআই খাইরুল ইসলাম ভূইয়া, এএসআই রমজান আলী, এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার দিবাগদ রাত সাড়ে ১০ টায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মাইজগ্রাম সাকিনস্থ এনাম উদ্দিন ভ্যারাইটিজ স্টোর দোকানের সামনে পাকা রাস্তা হইতে মাদক ব্যবসায়ী কয়ছরকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কয়ছরের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

​জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশ সব সময় তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুর রাজ্জাক।
 


সিলেটভিউ২৪ডটকম/কয়েছ/এসডি-১৬