ছবি: সিলেট ভিউ।
সিলেটের গোলাপগঞ্জে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে পৌর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাসেল আহমদ (২৫), নাইম আহমদ (২৭) এবং শাকিল আহমদ (২৭)। রাসেল উপজেলার রণকেলী উত্তর গ্রামের নানু মিয়ার ছেলে এবং নাইম একই গ্রামের মৃত তবারক আলীর ছেলে। অন্যদিকে শাকিল উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় কয়েকজন যুবক। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ও প্রচার করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং বিষয়টি থানাপুলিশের নজরে আসে। পরে সোমবার বিকেলে উপজেলার রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও নাইমকে গ্রেফতার করে। পরবর্তীতে উপজেলার পৌর এলাকার কদমলতীতে অভিযান চালিয়ে শাকিল আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ভাইরাল হওয়া অস্ত্রের মহড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে শাকিল আহমদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুকে লাইভ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। অন্যদিকে এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ হারিছ/ এহিয়া



