ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটের জনপ্রিয় পত্রিকা সিলেটভিউটুয়েন্টিফোর ডটকমে ‘সিলেটে নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সিলেট মহানগরীতে অবাধে চলাচলকারী ব্যাটারিচালিত অবৈধ (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) যানবাহনের বিষয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

 

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১২ জুন) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয় ব্যাটারি চালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এবং সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন না চালানোর শর্তে ১ মে হতে সিলেট মহানগরী এলাকা থেকে ট্রাফিক পুলিশ কর্তৃক আটককৃত ব্যাটারি চালিত অবৈধ যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) নির্ধারিত শর্তসাপেক্ষে ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া গত ২০ এপ্রিল গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয় যে, ১ মে হতে আটককৃত ব্যাটারি চালিত অবৈধ যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) কোন অবস্থাতেই ফেরত প্রদান করা হবে না এবং বিধি মোতাবেক উক্ত যানবাহনসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

 

পরবর্তীতে পর্যায়ক্রমে শর্ত সাপেক্ষে ১ মে’র পূর্বে পুলিশ কর্তৃক আটককৃত ব্যাটারি চালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) ছাড়া হয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট নগরীর রাস্তাঘাটে অবৈধ ব্যাটারি চালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) চলাচল করছে, এতে সিলেট নগরীতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

 

এমতাবস্থায়, সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) সিলেটের সর্বাধিক পঠিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম সিলেটভিউটুয়েন্টিফোর ডটকমে ‘সিলেটে নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর সিলেট মহানগর পুলিশের টনক নড়ে বসে। আর সোমবার (১৫ জুন) সিলেট মহানগরীতে অবাধে চলাচলকারী ব্যাটারিচালিত অবৈধ (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) যানবাহনের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এসএমপি।

 

আরও পড়ুন... সিলেটে নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজত্ব

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া