ছবি: ফাইল ছবি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় সিলেট বিভাগ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার (১৭ জুন) সকালে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে যাবেন এবং সফর শেষে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজারে গিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সফল ও উৎসবমুখর করতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে। সেখানে সিলেটের মন্ত্রী-এমপিদের পাশাপাশি দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।’
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাব। শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষের মধ্যেও তাকে বরণ করে নেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। তবে সফরকালে সিলেটে যাওয়া-আসার পথে কোনো রাজনৈতিক বৈঠকের কর্মসূচি নেই।’
অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসএমপির প্রত্যেকটি এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পুরো নিরাপত্তা কার্যক্রম স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর বিএনপিও প্রস্তুতি সভা করেছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর পরিবেশে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় তার সফরসূচি তুলে ধরে নেতাকর্মীদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



