পৌর বিএনপির ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাঁচবিবি পৌর বিএনপি।
বহিষ্কৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে দলীয় সব পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুইজনকে মাদক সদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ‘ফেসবুকে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের মাদক সেবনের ভিডিও দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ড। এ কারণে তাদের দুইজনকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭



