ঐতিহ্যবাহী টুলটিকরের অংকুর সাহিত্য পাঠাগার-এর গৌরবময় ৩ যুগ পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ হয়। পাঠাগার এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২০ জুন টুলটিকর গাজী বুরহান উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জ্ঞানচর্চার পাশাপাশি মানবকল্যাণে অবদান রাখার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৪২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১০৫ জনকে স্বাস্থ্যসেবা এবং ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, "একটি পাঠাগার শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠান তার প্রকৃত দায়িত্ব পালন করে। অংকুর সাহিত্য পাঠাগার সাহিত্যচর্চার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
"
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স কলেজ হাসপাতালের পরিচালক জনাব মো. কাপ্তান হোসেন বলেন, "স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি সাহিত্যভিত্তিক সংগঠন যখন মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অংকুর সাহিত্য পাঠাগারের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমন বলেন, "অংকুর সাহিত্য পাঠাগার প্রতিষ্ঠালগ্ন থেকেই বইপাঠ, সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, একটি আলোকিত সমাজ গঠনে জ্ঞানচর্চার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। আজকে এই ক্যাম্পেইনে সহযোগিতা করার জন্য সিলেট ব্লাড ডোনেশন সংগঠন এবং সূর্যের হাসি ক্লিনিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমনের সভাপতিত্বে এবং কবি কামাল আহমদ ও প্রচার সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
টুলটিকর জামে মসজিদের মোতাওয়াল্লি জনাব জুনেদ আহমদ, ৩২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাব সৈয়দ ফরহাদ হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির সুহিন, অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমদ মুরাদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ছড়াকার জনাব সাজ্জাদ আহমদ সাজু, প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ সাবিল, উপদেষ্টা কয়েস আহমদ সাগর ও টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কাবুল আহমদ, টুলটিকর এলাকার বিশিষ্ট মুরব্বি শরীফ আহমদ ও আরিফুজ্জাম আরিফ, হাজী মোহাম্মদ শফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ সফিকুল ইসলাম, গাজী বুরহান উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, শিক্ষক বিমল দাস, সিলেট ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল বাসার বাদশা, কুশিঘাট প্রতিশ্রুতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাহীন আহমদ এবং উপদেষ্টা পিয়ার উদ্দিন পিয়ার।
এ ছাড়া উপস্থিত ছিলেন অংকুর সাহিত্য পাঠাগারের সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন রাজু, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন শাহী, কার্যকারী সদস্য শাহরিয়ার আহমদ, রাহিব আহমদ, আবির হোসেন অনি এবং পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।
স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে সূর্যের হাসি ক্লিনিক ও সিলেট ব্লাড ডোনেশন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননায় ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং অংকুর সাহিত্য পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি



