ছবি: এআই।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
সোমবার (২২ জুন) দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল বের হয়। মিছিল শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।
শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।’
তিনি আরও বলেন, ‘অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের আলোকে যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে বাংলাদেশ তথা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলায় আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



