ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এর আগে এই মামলার প্রধান আসামিকে শনিবার (২০ জুন) গ্রেফতার করেছিল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

রবিবার (২১ জুন) আনুমানিক রাত পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ সদর মডেল থানার দুর্লভপুর এলাকার বাসিন্দা। মামলার ২ নম্বর আসামি সৈয়দ আইনুল হক ভিকটিমের আত্মীয় ও প্রতিবেশী। অপর আসামি মো. হৃদয় আইনুল হকের বাড়িতে থেকে সিএনজি অটোরিকশা চালাতেন। এই সুবাদে তিনি প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্নভাবে তাকে উত্যক্ত করতেন। ভিকটিম বিষয়টি তার মাকে জানালে তিনি আইনুল হকের কাছে বিচার চান। কিছুদিন পর আইনুল হক ভিকটিমের বাড়িতে গিয়ে মো. হৃদয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেন। তবে ভিকটিম নাবালিকা হওয়ায় তার মা ওই প্রস্তাবে রাজি হননি। এরপর থেকেই আসামিরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণের সুযোগ খুঁজতে থাকে।

 

এই ঘটনায় গত ১৩ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক অপহরণ করে মো. হৃদয়ের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যরা আশঙ্কা করেন যে, তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হচ্ছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

 

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (২১ জুন) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় দায়েরকৃত মামলার ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব।

 

র‌্যাব আরও জানায়, উক্ত মামলার প্রধান আসামিকে শনিবার (২০ জুন) গ্রেফতার করেছিল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া