ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে গণনাকৃত অর্থের সঙ্গে চিঠিটি পাওয়া যায়। চিঠিটি সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে উদ্দেশ্য করে লেখা।

 

চিঠিতে লেখক নিজেকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়ে মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত অধিকাংশ মানুষ এ উদ্যোগকে সমর্থন করছেন।

 

চিঠিতে মাজারের এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রভাব বিস্তার এবং মাজার-সংক্রান্ত সম্পত্তি দখলের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

সিলেটভিউ পাঠকদের জন্য দানবাক্সে পাওয়া ওই চিঠির লেখাটি হুবহু তুলে ধরা হয়েছে:- 

ডিসি সাহেব, আসসালামুআলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন । সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানী শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরেদে। সে কেরানী হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশুনা করেছে সপ্তম শ্রেনী পর্যন্ত। এখন লম্বালম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ী করেছে, দোকান পাঠ করেছে । এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই মুল হুতা।
একজন শুভাকাংকী

 

এর আগে সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেগের তালা খোলা হয়। এ সময় তালা খোলার কার্যক্রমে নেতৃত্ব দেন সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। দানবাক্সে শুধু অর্থই নয়, ভক্তদের দেওয়া বিভিন্ন চিঠিও পাওয়া যাচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দানের অর্থ গণনার কাজ এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া