সিলেট অঞ্চলের সর্বপ্রথম স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘Trinity College Dublin: E3 Balanced Solutions for a Better World’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে হাবিবুর রহমান লাইব্রেরি হলে আয়োজিত এ সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং এ ৭৫তম অবস্থানকারী গবেষক, E3 CRH Chair of Climate Science এবং আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. কারেন উইল্টশায়ার।
গত ১৬ জুন এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার, মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মকসুদ আহমেদ এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মো. আলাউল হক।
এছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং Environment, Economy and Equity (E3)-ভিত্তিক সমন্বিত ও ভারসাম্যপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। মূল প্রবন্ধে ড. কারেন উইল্টশায়ার বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও আন্তঃবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমাদের প্রত্যেককেই স্বার্থপরতা কমাতে হবে, নিজ স্বার্থ ছেড়ে পরিবেশ, দেশ তথা পৃথিবীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। পাশাপাশি, তিনি আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক নওশিন তাবাসসুম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফারিয়া জাহান স্বর্ণা ।
অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আন্তর্জাতিক একাডেমিক সেমিনার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তাচর্চা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে এমন একটি সেমিনার আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেষে রিসোর্স পার্সনসহ উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেমিনার সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে



