লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ ১৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাতে ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা করেন।
মামলার প্রথম অভিযুক্ত আনোয়ার খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অপর আসামিরা হলেন— রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোরশেদুল আমিন বাবু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সহিদ চৌকিয়া, যুবলীগ নেতা বাচ্চু, বেল্লাল আহমেদ, কামরুল ইসলাম, সৈকত মাহমুদ শামছু, ইরান, মিলন পাটওয়ারী, রিয়াদ হোসেন, ফিজু, তুহিন মালিক, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, জাকির হোসেন, শাকিল হোসেন, সাহাবুদ্দিন, জসিম জদ্দিন, মামুন হোসেন, বিল্লাল হোসেন, জসিম, মো. রাসেল, মো. রবিন, শামীম, আলী হোসেন রকি, মহিন আলী, বিল্লাল হোসেন, আব্দুল হান্নান বাবু ও অজ্ঞাত ১৫০ জন। আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ জুন রাতে আসামিরা ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে জড়ো হয়ে ভিডিও কলে সংযুক্ত থেকে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, একটা একটা লোক ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে সরকারবিরোধী বিশৃঙ্খলা করে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছলে তারা বাদী রাব্বিসহ সাক্ষীদের ওপর হামলা চালায়।
এ ব্যাপারে বাদী রবিউল হাসান রাব্বীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, রাব্বি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। এক মাস আগে ওই কমিটি স্থগিত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় সে গ্রেপ্তার হয়েছিল।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, এজাহার নামীয় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ মামলায় সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক



