ফাইল ছবি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে জরিমানা এবং দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দিরাই কাঁচাবাজারের একটি দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার।
অভিযানকালে দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রির সত্যতা পাওয়া গেলে বিক্রেতা দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪০)-কে দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় জাল ক্রয়ের দায়ে আবু বক্কর (৪৫)-কে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানকারী দল অবৈধ কারেন্ট জাল জব্দ করে এবং মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের জাল ব্যবহার ও বিক্রির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের পোনা নির্বিচারে নিধন হয়, যা দীর্ঘমেয়াদে দেশের মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে সরকার কারেন্ট জালের উৎপাদন, বিপণন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ বলেন, কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের অবৈধ জাল বিক্রি ও ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৬



