ছবি: ফাইল ছবি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এবং গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কামরুল ইসলাম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

 


বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

 

গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তার।

 

পুলিশ জানায়, সোমবার (২২ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে লেঙ্গুরা নদীর পার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার (২২ জুন) বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে নিহত হন কামরুল ইসলাম (২৮)। ওই সংঘর্ষে গুরুতর আহত হন সাবেক ইউপি সদস্য বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা আক্তার। এই ঘটনায় মঙ্গলবার (২৩ জুন) গোয়াইনঘাট থানায় কামরুল ইসলামের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান দিয়ে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তারকে গ্রেফতার করে।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সিলেটভিউকে বলেন, ‘নিহত কামরুল ইসলামের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ জুন) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া