দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য খাতে সম্প্রসারণের লক্ষ্যে ভিসা ব্যবস্থায় নতুন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার বৈধ ভিসাধারীদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আবারও চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এসব দেশের নাগরিক এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা ১৪ বা ৬০ দিন মেয়াদী ‘ভিসা-অন-অ্যারাইভাল’ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডা কর্তৃক ইস্যুকৃত বৈধ রেসিডেন্স পারমিট (বাসস্থানের অনুমতিপত্র) থাকতে হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা আমিরাতের অনন্য সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি, আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ এবং বিশ্বস্বীকৃত অবকাঠামো উপভোগ করার আরও বেশি সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভ্রমণকারীদের যাতায়াত আরও সহজ, কনস্যুলার সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে আরও সুসংহত করা এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা ও অসাধারণ প্রতিভার কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বমঞ্চে আমিরাতকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাবে।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থাকে আরও উন্নত করা, এর আওতাভুক্ত সুবিধাভোগীদের পরিধি বাড়ানো এবং ভ্রমণ, পর্যটন ও চলাচলের ক্ষেত্রে বিশ্বমানের সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সেবার মান সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টারই প্রতিফলন।
কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, এই সিদ্ধান্তের ফলে সহযোগী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আবাসন, পর্যটন ও ভ্রমণ সংক্রান্ত বৈশ্বিক প্রতিযোগিতামূলক সূচকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের সময় ১৪ দিন মেয়াদী ভিসাটি একবার নবায়ন বা মেয়াদ বাড়ানো সম্ভব। অন্যদিকে ৬০ দিন মেয়াদী ভিসাটি শুধুমাত্র একবার অবস্থানের জন্য ইস্যু করা হয় এবং এর মেয়াদ বাড়ানো যায় না। উভয় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভিসা-ধারীদের অবশ্যই দেশটি ত্যাগ করতে হবে। অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা দিতে হবে। ১৪ দিন মেয়াদী ভিসার মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিন মেয়াদী ভিসার মোট ফি ২৫০ দিরহাম।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
সূত্র : গাল্ফ নিউজ



