ছবি: সংগৃহিত
সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানার বাগবাড়ি পিডিবি মসজিদের পাশে অভিযান চালিয়ে ফুলকলি শো’রুমের ভেতর থেকে ভিকটিমকে উদ্ধার ও ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ভিকটিমের নাম ফাহিম আহমদ (২০)। গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালী থানার লালদিঘীরপাড়ের ৩নং বাসার মো. ছায়দুল হকের ছেলে খালেদ বীন আজিজ (৩৫), বাগবাড়ী কুতুব উদ্দিন গেইটের মৃত নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাই সুজানগর এলাকার আশিক আলীর ছেলে, বর্তমানে নগরীর কানিশাইল ১নং রোড এলাকার বাসিন্দা আল আমিন (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সাতগাঁওয়ের দুলাল মিয়ার ছেলে বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা রাজিব আহম্মেদ (২০)।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে একটি সংঘবদ্ধ এই চক্রটি শামীমাবাদ আবাসিক এলাকার ১নং গেইটের সামনে থেকে ফাহিমকে পথরোধ ও মারধোর করে। তারা তার গলায় ছুরি ধরে নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি গ্যারেজে আটকে রাখে। পরে তার স্বজনদের কাছে মোবাইলে কল দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে তারা তাকে হত্যারও হুমকি দেয়।
তার স্বজনরা কোতোয়ালী থানাপুলিশের সাহায্য চাইলে তারা সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দায়ীদের গ্রেপ্তারে সক্ষম হয়।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৩৭/২৬/০৬/২৬) দায়ের করে তাদের আদলতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে



