ছবি: সংগৃহিত
সিলেটে গরম আবার বাড়ছে। আষাঢ়ের বৃষ্টিও আছে। কিন্তু তবু স্বস্তি নেই। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাঁস অবস্থায় কাটছে সিলেটবাসীর দিন। এ অবস্থায় শনিবারও এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পূর্বভাসে এসব তথ্য জানানো হয়।
তারা জানায়, শুক্রবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় সকাল থেকে নগরবাসীর মধ্যে হাসফাঁস অবস্থা ছিল। ছুটির দিনে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ থাকলেও গরমের কারণে অনেকের পরিকল্পনাই ভেস্তে গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৭৬ মিলিমিটার। আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বজ্রপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেটভিউ২৪ডটকম/ইকে



