সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, এই জনপদের সন্তান হিসেবে এলাকার সকল সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে আমি অবগত আছি। জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি সমস্যা সমাধান করবো। জনগণের প্রত্যাশা পূরণে সৎ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবো।

তিনি শুক্রবার রাতে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত গোলাপগঞ্জ গড়ে তুলতে কাজ করবেন।

লক্ষণাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি সাবেক মেম্বার আসাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ছালিক আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, ইউনিয়ন জাসাসের সাবেক সভাপতি ফজলু মিয়া, বিএনপি নেতা সেনু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আহাদ আহমদ, রাজন আহমদ রাজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, যুবদল নেতা সেলু আহমদ ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ প্রমূখ।

স্থানীয় লেছরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আরাফাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুর আহমদ।

মতবিনিময় সভায় লক্ষণাবন্দ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা লিটন আহমদের প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তাঁর সফলতা কামনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫