ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৪০ পিস ইয়াবা বড়িসহ রুবেল দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের অমিয় ঠাকুরের ছেলে অনিক ঠাকুর কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক রুবেল দাসকে উদ্ধারকৃত ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করেন।

 


রবিবার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের হবিগঞ্জ–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুবেল দাস বদলপুর ইউনিয়নের বদলপুর দক্ষিণ হাটি গ্রামের মৃত রবীন্দ্র দাসের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর রুবেল দাস ও অনিক ঠাকুর জলসুখা ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দুইজনকে আটক করে তল্লাশি চালান। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একপর্যায়ে অনিক ঠাকুর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল দাসকে ইয়াবাসহ নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

 

সিলেটভিউ২৪ডটকম/ মিলাদ/ এহিয়া