স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম, সমন্বয়ক শর্মিলী রায়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করে আরোহী রায় বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল অতিথিদের শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য এবং দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
বক্তব্য পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং একজন অভিভাবক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি এবং অভিভাবকদের প্রতিনিধি হিসেবে বেলাল হোসেন তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও নিরলস প্রচেষ্টার আন্তরিক প্রশংসা করেন।
তিনি বলেন, অধ্যক্ষের বিচক্ষণ পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগের ফলে স্কলার্সহোম শিবগঞ্জ শাখা আজ অভিভাবকদের আস্থা ও বিশ্বাসের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বিদ্যালয়টি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এ ধারাবাহিক সাফল্য বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া বিদ্যালয়ের উপাধ্যক্ষ উনার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, নৈতিক মূল্যবোধের চর্চা, শৃঙ্খলাবোধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানের আন্তরিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ করতে শিক্ষকদের ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীর সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমের বিকাশ ঘটানোই প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম, যা তাদের আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা যুগোপযোগী, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রকাশ ঘটায়। প্রতিটি পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সর্বোপরি, প্রাণবন্ত, সুশৃঙ্খল ও সার্থক আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক এবং দর্শকবৃন্দ শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন- শারমিন সুলতানা ও সুদীপ্তা দে।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক বিজুলী রাণী সিংহা, লিজা চৌধুরী, মিথীলা তালুকদার, মৌসুমী শ্যাম, মুক্তা ধর, সূচরিতা পাল, আমিনা খাতুন খুশী, রোকেয়া ফেরদৌস এনি, ফারজানা ইয়াসমীন, শাবনাজ শমি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭



