ছবি: সিলেট ভিউ।
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে মোটরসাইকেল ও পিকআপ চুরির অভিযোগে ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার এলাকায় সন্দেহভাজন ছয় যুবককে আটক করেন এলাকাবাসী। পরে তাদের থানা পুলিশের হাতে হস্থান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার নিজ করনী গ্রামের নুরু মিয়ার ছেলে মিটন মিয়া (২৮), পুরকায়স্তপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে নয়ন মিয়া, গ্রামতলা দাসপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (২২), একই গ্রামের সালেক মিয়ার ছেলে আসাদ মিয়া (২২), শসারকান্দি গ্রামের অকশাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩), বালাগঞ্জ উপজেলার রূপাপুর গ্রামের লুৎফুর মিয়ার ছেলে শাহিন মিয়া (২৭)।
জানা যায়, দীর্ঘদিন ধরে তাজপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও পিকআপ চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল। সাম্প্রতিক কয়েকটি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করার পর মঙ্গলবার তাদের আটক করে পুলিশে সৌপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরর্শেদুল আলম ভূইয়া। তিনি জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ রনিক/ এহিয়া



