সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (১ জুলাই) দুপুরে দিরাই থানা পয়েন্টে ‘সরমঙ্গল ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম সরকারি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
অপরদিকে, তালিকায় এমন অনেক ব্যক্তির নাম রয়েছে, যারা কোনো ধরনের ক্ষতির শিকার হননি। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, তালিকা প্রণয়নে কোনো ধরনের স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত অনেকেই দীর্ঘদিন ধরে ঢাকাসহ অন্য এলাকায় বসবাস করেন। আবার সংশ্লিষ্ট ওয়ার্ডে বসবাসই করেন না—এমন ব্যক্তির নামও তালিকায় রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ইউপি সদস্যরা। তাদের দাবি, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রভাবশালীদের সুপারিশে তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, এ বিষয়ে অভিযোগ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে চেয়ারম্যানের কাছে গেলে তিনি ইউএনওর সঙ্গে কথা বলতে বলেন। ফলে অভিযোগ জানানোর জন্য কার্যকর কোনো ব্যবস্থা তারা পাচ্ছেন না।
বক্তারা আরও অভিযোগ করেন, কৃষকদের অবগতির জন্য ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে একদিন ক্ষতিগ্রস্তদের তালিকা টানানো হলেও পরদিন সেটি সরিয়ে ফেলা হয়। এতে তালিকার স্বচ্ছতা নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে আরও সন্দেহ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য সাহার উদ্দিন, আব্দুস সামাদ, হাজী কেরামত আলীসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে মাঠ পর্যায়ে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নতুন তালিকা প্রণয়নের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করলেও তালিকা প্রণয়নকে কেন্দ্র করে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৫



