ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে তাকে এসএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই আদেশে তাকে এসএমপির হেডকোয়ার্টারে তাকে সংযুক্তি করা হয়েছে।
এর আগে বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতের বিচারক নাজনীন আক্তারের আদালতে প্রেমের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রসঙ্গত, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে মো. সোহেল উদ্দিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার বর্তমান সহকারী পুলিশ কমিশনার (এসি)। ২০১৭ সালে ৩৬ তম বিসিএস পরীক্ষায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উত্তীর্ণ হন । কিন্তু কর্মজীবনে তিনি একের পর এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



