সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (১ জুলাই) শাল্লা উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্যামল সরকার বাদী হয়ে এই অভিযোগটি করেন।
.gif)
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার মোবাইলে ফেসবুক চলাকালীন সময়ে এই সংবাদটি দেখতে পাই।
তখন আমি তাৎক্ষণিক মাননীয় সংসদ সদস্যের পরিবারের সহিত যোগাযোগ করে জানতে পারি তিনি সুস্থ আছেন। এমতাবস্থায় "দিরাই JNR" নামীয় ফেসবুক আইডি যাহার ফেসবুক লিঙ্ক- https://www.facebook.com/share /1]czSXFRQW/ এর সঠিক ইউজার সনাক্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেই অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৬



