ছবি: এআই।
প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিখোঁজ চার ছাত্রী দাবি করেছে- তারা সিলেটে বেড়াতে আসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তবে পরিবারের সদস্যরা বলছেন, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।
জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে জানতে পারে, চার ছাত্রী ঢাকার দিকে যাচ্ছে। পরে বুধবার তাদের অবস্থান সিলেট এলাকায় শনাক্ত করা হয়। এরপর দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষমাণ অবস্থায় চার ছাত্রীকে শনাক্ত করা হয়। তারা গোয়াইনঘাটে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিল। এ বিষয়ে নিশ্চিত হতে তাদের ফিরিয়ে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল তাদের আনতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এদিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ‘বুধবার বিকেলে কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থানে চার কিশোরীকে বসে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, তারা সিলেটে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটগামী বাসে ওঠে এবং বুধবার দুপুরে সিলেটে পৌঁছায়। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



