সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে র্যাব মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের মোগলাবাজার ত্রিমুখী পয়েন্ট থেকে এহিয়া তালুকদারকে (৩৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃত এহিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত এহিয়া তালুকদারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বানিয়াচং থানা পুলিশ।
র্যাব জানায়, নিহত মাহফুজ মিয়া (৪৫) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন পৈলারকান্দি এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত এহিয়াসহ অন্যান্যদের বিরোধ চলছিলো নিহত মাহফুজ মিয়ার। এরই জের ধরে ২০২৫ সালে ২২ নভেম্বর রাতে ব্যক্তিগত কাজ শেষ করে মাহফুজ মিয়া বাড়ি ফেরার পথে বসন্তপুর পৈলারকান্দিতে পৌঁছা মাত্রই পূর্ব হতে ওঁৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহফুজ মিয়া ও তার ভাইকে মারধর করে। একপর্যায়ে এমদাদ তালুকদার মাহফুজকে খুন করার উদ্দেশ্যে টেটা নিক্ষেপ করলে টেটা ভিকটিমের কোমরের বাম পাশে বিদ্ধ হয়ে আটকে যায় এবং এসময় অন্যান্যরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা মাহফুজ মিয়ার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে মাহফুজ মিয়া ও তার ভাইয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিটি




