ছবি: সংগৃহিত
জমি নিয়ে বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধ সুনা মিয়াকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার বিকালে বিষয়টি জানিয়েছে র্য্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হোসেন মিয়া (২৮) দোয়ারাবাজারের বাজিতপুর এলাকার আরিফ উল্লাহর ছেলে।
র্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ মার্চ সুনা মিয়ার উপর হামলা করেন হোসেন মিয়া ও তার পক্ষের লোকজন। তাদের হামলায় সুনা মিয়া ও তার ছেলে মারাত্মক আহত হয়েছিলেন। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্ত্যরত চিকিৎসক সুনা মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ২ এপ্রিল তার ছেলে বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (নং ৪) দায়ের করলে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং হোসেন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হোসেন মিয়া একই থানায় দায়েরকৃত অপর একটি হত্যা মামলার আসামি।
তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




