সিলেটে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভুইফোঁড় অনলাইনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপ্রপচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম’আ শিবগঞ্জ পয়েন্টে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।


শিবগঞ্জ সেনপাড়া আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মো. আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সোনালী যুব সংঘের সভাপতি নাজমুল আলম, সমাজসেবক হাবিবুল বাশার হাবিব, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ব্যবসায়ী নূর আলম, ট্রাফিক এডুকেশন ১০ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সিএনজি উপশহর শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ বায়তুল জান্নাত জামে মসজিদের কোষাধ্যক্ষ শাকিল আহমদ, ব্যবসায়ী মো. মনজুর আলম, ইফজল, কবির হোসেন, কয়ছর, সহীদ, রাহিল, স্বপন ও ফাহিমসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি যখন মাদকের বিরুদ্ধে একের পর সাঁড়াশি অভিযান করছেন তখন এক শ্রেণীর মাদক ব্যবসায়ী ও কিছু ভুঁইফোড় অনলাইন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অপপ্রচারকারী, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাভোগিদের দ্রুত আইনের আওতায় দাবি জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪