সিলেটের বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার (৫ জুলাই) বিকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পৌরশহরের হরিকলস নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরতিঙ্গা বেগম (৪৮) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী।
পরতিঙ্গা বেগম জানান, রোববার পৌর শহরের পুরান বাজারের ডাচ্-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা তোলেন তিনি। তার ব্যানিটি ব্যাগে আরও ৫ হাজার টাকা ছিল। টাকা উত্তোলন করে টমটম রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় হরিকলস নামক স্থানে যাওয়া মাত্রই মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তার টমটম রিকশা থামিয়ে দা দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগের ফিতা কেটে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গেছে; এ বিষয়ে তদন্ত চলছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি




