সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
সোমবার (৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা গণমাধ্যমকর্মীদের তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়সর ইসলাম, আব্দুল হাফিজ, সোয়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কবির সর্দার, উলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৪




