তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন আহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধে রূপ নেয়।

একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭