ছবি: সংগৃহিত

ফের চালু হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট। এতে উচ্ছ¡সিত যাত্রীরা। তারা বিমান এবং বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

 


রবিবার (৫ জুলাই) যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিজি ২০৮ ফ্লাইটটি। এরপর যাত্রীরা কথা বলেন সিলেটভিউ মাল্টিমিডিয়ার সাথে। তাদের কন্ঠে ঝরে উচ্ছ্বাস।

 

একজন অশিতিপর যাত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে বলেন, আইতাম ফারিয়ার না অতোদিন থাকি। অখন অউ আইলাম। খুব আরামে আইছি। কোনো সমস্যা অইছেনা। অখন বারবার আইমু যাইমু।

 

তিনি জানান, ম্যানচেষ্টার শহরে থাকেন সপরিবারে। দেশে ফিরতে হলে লন্ডনে গিয়ে হিথ্রো হয়ে ফিরতে হয়। তারপর ঢাকা থেকে সিলেট পৌঁছানোটাও অনেক জটিল। এসব কারণে অনেকদিন থেকে দেশে আসতে মন চাইলেও তিনি ফিরতে পারেন নি।

 

একজন তরুণ যাত্রী তার প্রতিক্রিয়া জানালেন এভাবে, ম্যানচেষ্টার তাকি ডাইরেট সিলেট আওয়া যায়। সময় লাগে ৯ ঘন্টা। আমরা খুব ভালা সার্ভিস পাইছি। খুব খুশি অইছি। ই রুট চালু রাখা দরকার।

 

আরেক তরুণী আবেগাপ্লুত কন্ঠে বললেন, ই ফ্লাইট চালু করার লাগি আমরা অনেক কাম করছি। লন্ডন-সিলেট সংগ্রাম অইছে। এখন আমরা খুব খুশি। যারা আন্দোলন সংগ্রাম করছইন সবরে ধন্যবাদ জানাই। বিমানরেও।

 

এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে সিলেট পৌঁছা যাত্রীদের স্বাগত জানিয়েছেন  বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

উল্লেখ্য, হজ ফ্লাইটের জন্য এই রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছিল গত মার্চ থেকে। এরপর লন্ডন এবং সিলেট ও ইংল্যান্ডের অন্যান্য স্থানে প্রচুর সভা-সমাবেশ হয়, প্রতিবাদ আন্দোলন স্মারকলিপি পেশ করা হয়। অবশেষে ফ্লাইটটি পূণরায় চালু হওয়ায় যুক্তরাজ্য প্রবাসী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি নেমে আসে।

 

সিলেট-ম্যানচেষ্টার রুটে সপ্তাহে দুটি করে ৪টি ফ্লাইট চলাচল করবে। এরমধ্যে সিলেট থেকে প্রতি রবি ও মঙ্গলবার একটি করে ফ্লাইট যাবে এবং সোমবার ও বুধবার ম্যানচেষ্টার থেকে ফিরতি ফ্লাইট সিলেট অবতরণ করবে।

 

সিলেটিিভউ২৪ডটকম/ইকে