বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেটের নিজস্ব ও জনপ্রিয় দুগ্ধ ও মিষ্টিজাত ব্র্যান্ড দুধওয়ালার সিলেট নগরীর জালালাবাদে অবস্থিত আউটলেট পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রদূত দুধওয়ালার শোরুম পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী।

 


সফরকালে রাষ্ট্রদূত দুধওয়ালার উৎপাদিত বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টি দই, রসমালাই, ঘি, কুকিজসহ বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানেন এবং বিভিন্ন জাতের মিষ্টি ও দইয়ের স্বাদ গ্রহণ করেন। তিনি পণ্যের স্বাদ, গুণগত মান ও উপস্থাপনার প্রশংসা করেন।

দুধওয়ালার উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে জানান, চারজন ডেইরি খামারির উদ্যোগে কাঁচা দুধে মূল্য সংযোজনের লক্ষ্য নিয়ে দুধওয়ালার যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি আধুনিক উৎপাদন প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ঐতিহ্যবাহী রেসিপির সমন্বয়ে বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে।

 

তারা আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টির রেসিপি ও স্বাদ নিয়ে গবেষণা করে স্থানীয় ভোক্তাদের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে দুধওয়ালার পণ্যে নতুনত্ব আনা হয়। বিশেষ করে বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি দই থেকে অনুপ্রাণিত হয়ে সিলেট অঞ্চলের মানুষের স্বাদ অনুযায়ী নিজস্ব বৈশিষ্ট্যের মিষ্টি দই তৈরি করা হয়েছে। এছাড়া মিষ্টি দই পরিবেশনের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী মাটির সরা বাটি বগুড়া থেকে সংগ্রহ করা হয়, যা দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে ধারণ করে।

 

দুধওয়ালার পক্ষ থেকে জানানো হয়, তাদের উৎপাদিত কিছু পণ্য বর্তমানে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে নিজস্ব ‘দুধওয়ালা’ ব্র্যান্ডে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং এ জন্য প্রয়োজনীয় রপ্তানি অনুমোদনও রয়েছে।

পরিদর্শনকালে দুধওয়ালার উদ্যোক্তাদের সঙ্গে ব্র্যান্ডিং, আন্তর্জাতিক বিপণন এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

 

সফরের স্মারক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ স্মারক দুধওয়ালার প্রতিষ্ঠাতাদের হাতে তুলে দেন রাষ্ট্রদূত।

 

দুধওয়ালার উদ্যোক্তারা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর তাদের জন্য অত্যন্ত সম্মানের। তারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দুধওয়ালা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দুগ্ধজাত পণ্যের পরিচিতি আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডে আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/