আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।


এ অবস্থায় সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড় ধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।


মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৮ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
 

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের একই ধারা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ও শুক্রবার (১০ জুলাই) দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

শনিবার (১১ জুলাই) সিলেটসহ রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
 

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ু ও স্থল নিম্নচাপের সম্মিলিত প্রভাবে এই টানা বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অতিভারি বর্ষণ হলে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। পাশাপাশি নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

তবে টানা বৃষ্টিপাতের ফলে চলমান ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮