জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের একটি স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার মৃত্যু হলে দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না।’

বুধবার (০৮ জুলাই) দেওয়া ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এর কারণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার খোঁজখবর নেন এবং স্ট্যাটাসের নেপথ্যের কারণ জানতে চান।


স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ সুজন জানান, বিগত সরকারের সময় তিনি ১১টি মামলার আসামি হন এবং ৩ বার কারাবরণ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় হয়রানির শিকার হওয়ার পাশাপাশি তার বাবা ও ভাই মামলা-হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে জামালপুর ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময়ে দলের কোনো নেতা তার খোঁজ নেননি বা হাসপাতালে দেখতে যাননি। দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারের পর এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই অভিমান থেকেই ফেসবুকে ওই স্ট্যাটাস দিয়েছেন বলে জানান তিনি।

বিএনপি নেতা সুজন জানান, ব্যক্তিগত অভিমান থাকলেও দলের প্রতি তার অঙ্গীকারে কোনো পরিবর্তন হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের জন্য কাজ করতে চান।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, ‘সে সম্ভবত স্ট্রোক করেছিল। তারপর থেকে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা বলেছিলেন এর আগে। সুজনকে মোবাইলে কয়েকবার কল দিয়েছিলাম, ধরেননি। আজ বাড়িতে গিয়ে খোঁজ নিব।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭