ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

 


নিহত আশরফ মিয়া আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার বাবা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে হঠাৎ নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে গ্রামের অনেকের মতো আশরফ মিয়ার পরিবারের সদস্যরাও দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে বয়সের কারণে তিনি ঘরের ভেতরেই থেকে যান।

 

এরপর ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকলে তিনি ঘর থেকে বের হতে পারেননি এবং পানিবন্দি হয়ে পড়েন। শুক্রবার (১০ জুলাই) সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ ০১