ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

 


এ নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সুরজাহান আক্তার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের অসুস্থতাজনিত কারণে সহকারী শিক্ষক জসিম উদ্দিন বিদ্যালয়ের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম একাই নিয়ন্ত্রণ করছেন দীর্ঘদিন ধরে। ওই সুবাদে যাবতীয় সরকারি বিল নিজের ব্যক্তিগত ০২০০০০৮২৮৯৪২৪ নম্বর ব্যাংক হিসাবে স্থানান্তর করে একাই ভোগ করছেন তিনি। এছাড়া সরকারি নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের যৌথ ব্যাংক হিসাবেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আর্থিক অনিয়মের পাশাপাশি বিদ্যালয় চলাকালীন সময়ে জোরপূর্বক কোচিং করানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সরকারি ট্রেনিং ও প্রোগ্রামে কখনো সহকারী শিক্ষক, কখনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিচয় দিয়ে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। লিখিত অভিযোগে আরও উল্লেখ রয়েছে, কোচিংয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফলের ক্ষেত্রেও তিনি পক্ষপাতিত্বের আশ্রয় নেন।

 

জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক জসিম উদ্দিন বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। তবে অতিরিক্ত ক্লাসের নামে কোচিংয়ের বিষয়টি স্বীকার করলেও বিনিময়ে কোনো টাকা-পয়সা নেননি বলে জানান। এছাড়া প্রশ্নপত্র সংক্রান্ত অভিযোগটি তিনি অস্বীকার করেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, "পুরো বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ইকে-৬