ছবি: সংগৃহিত
দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রাজধানীর মগবাজার, বাংলামোটর ও দিলুরোড এলাকা। মগবাজার ৩৩কেভি বিতরণ উপকেন্দ্রে অগ্নিকান্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।ডিপিডিসি মগবাজার এনওসিএস এর তত্বাবধায়ক প্রকৌশলী শামীম আরা বেগম বার্তা২৪.কমকে বলেছেন, হাতিরঝিল এলাকায় একটি উপকেন্দ্রে অগ্নিকান্ডের কারণে সারা ঢাকায় প্রভাব পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখন পর্যন্ত (রাত ৯.২০ টা) দিলু রোডসহ কিছু এলাকায় সচল করা সম্ভব হয়নি।
ডিপিডিসি এনওসিএস কাকরাইলের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেছেন, আগুণের কারণে সার্কিটগুলো পুড়ে গেছে। এগুলো রিপ্লেস করে বিদ্যুৎ সরবরাহ সচল করার কাজ চলছে। দিলুরোডসহ কিছু এলাকায় এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বৃষ্টি উপেক্ষা করেই আমাদের টিমগুলো কাজ করে যাচ্ছে।
অন্যদিকে দুপুর ১২ টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম বিড়ম্বনায় রয়েছে ওইসব এলাকার বাসিন্দারা। বাসা-বাড়িতে আইপিএস’র ব্যাকআপ শেষ হয়ে হয়ে যাওয়ায় ভ্যাপসা গরমের মধ্যে সময় পার করতে হচ্ছে তাদের। আবার বহুতল ভবনগুলোতে লম্বা সময় জেনারেটরের ব্যাকআপ না থাকায় লিফটবিহীন বিড়ম্বনা ভুগতে হচ্ছে বাসিন্দাদের। কোন কোন ভবন থেকে পানি সংকটের খবরও পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে




