ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 

 


শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শমসেরনগর সড়কের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি আব্দুল কাদির (৫০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

 

জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শমসেরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় সড়ক দুর্ঘটনায় টমটমে থাকা এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০