মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী (২৫) নামে এক মাদক কারবারিকে স্থানীয় গ্রামবাসি ও পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।


শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সিএনজি অটোরিকশায় মাদক পাচার করা হচ্ছে। এসআই (নিঃ) মো. হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি গতিরোধ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশ থেকে ১৭টি কার্টনে মোট ২০৪ বোতল ‘কান্ট্রি লিকার কেরুস’ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও মূল্য মদের বোতল ১৬৮টি (১ লিটার) এবং ৩৬টি (৫০০ মিলি)। মোট পরিমাণ ১৮৬ লিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) পুলিশ জব্দ করেছে।
গ্রেপ্তারকৃত অমিত সতনামী জেরিন চা বাগান এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই বিক্রির উদ্দেশ্যে এই মাদক পরিবহনের কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক  মো. হারুনুর রশিদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(গ) ও ৩৮ উপধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০২