উপজেলায় পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা রুবেল হোসেনকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেল হোসেনের ওপর হামলা চালান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
স্থানীয় লোকজন গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




