মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। বুধবার (১৫ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্লাটুনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনসিসির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহাপরিচালক বলেন, যুবসমাজকে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি সংগঠনের বিভিন্ন নিয়মিত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বিএনসিসি সমাজের নানা অচলতা দূর করতে, নিরাপত্তা নিশ্চিত করতে, ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণে অংশ নিতে এবং বর্তমান যুগের চাহিদানুযায়ী তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে।
বিএনসিসির ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনার কথা জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেন, সংগঠনটিকে আরও বিস্তৃত করতে এখন উপজেলা পর্যায়েও বিএনসিসি চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এর আওতায় আনা এবং জাতীয় শিক্ষাক্রমে সামরিক শিক্ষাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হলো ক্যাডেটদের দক্ষতা, কার্যকারিতা ও ভেতরের সম্ভাবনা জাগিয়ে তোলা; যা সর্বপরি তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও নবগঠিত বিএনসিসি প্লাটুনের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্বল্প সময়ের মধ্যে সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয়ের সাথে বিএনসিসির সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে মহাপরিচালক নতুন এই বিএনসিসি প্লাটুনকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল। তিনি বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, নবগঠিত প্লাটুনটি ইতোমধ্যেই ২০২৫ সালের ব্যাটালিয়ন ক্যাম্পে ১১টি এবং ২০২৬ সালের কালেক্টিভ ক্যাম্পে ১৭টি পদকসহ ‘শ্রেষ্ঠ ক্যাডেট’-এর সম্মান অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
অনুষ্ঠানে বিএনসিসি দায়িত্বশীলগণ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং প্লাটুনের নবীন ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ২০২৫ সালের ১৭ মার্চ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন খোলার অনুমোদন লাভ করে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




