ছবি: সিলেট ভিউ।
রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে জাতির জন্য সবচেয়ে বড় অর্জন। কারণ ছাত্র-জনতার শাহাদাত ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তাই জুলাইকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। দুঃখজনক হলেও সত্য যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ২ বছর পূর্ণ হতে চললেও শহীদ পরিবারের কান্না এখনও থামেনি। এখনও ব্যাথায় কাতরাচ্ছেন আহত জুলাই যোদ্ধারা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার পেয়েছি। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি সরকার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। জুলাই গণহত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করবে।’
তিনি বুধবার (১৫ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সদস্য সচিব নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য আব্দুর রহিম, জাবেদ রহমান, আতিকুর রহমান, মো. হালিম, আমির হামজা, রাফি আহমদ, মিজানুর রহমান, মো. রিয়াজ মাহমুদ, আশরাফ আহমেদ, ইসমাইল হোসেন, ফয়সাল আহমেদ, মোসাদ্দেক, ওয়াহিদ, রফিক, আসলাম খান, ফরহাদ ও আজিজুর রহমান প্রমূখ।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা, দোয়া মাহফিল, শহীদ পরিবারের সাথে সাক্ষাতসহ ধারাবাহিক নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। জুলাই শহীদ পরিবার ও আহতদের কল্যাণে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




